আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালের দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এই পরিস্থিতিতেও শিরোপা বাতিলের সিদ্ধান্তকে উপেক্ষা করে প্যারিসে বর্ণাঢ্য ট্রফি প্যারেড করেছে সেনেগাল। গত শনিবার রাতে প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হওয়ার আগে দলটি এই উদযাপনের আয়োজন করে।
সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালির নেতৃত্বে এই প্যারেডে অংশ নেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও উল্লাসে ফেটে পড়েন। প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ নাগরিকের উপস্থিতির কারণে সেখানেই এই প্যারেডের আয়োজন করা হয়। শিরোপা বাতিলের ঘোষণা আসার পরই দেশটির ফুটবল ফেডারেশন এই উদযাপনের প্রস্তুতি নিয়েছিল।
গত ১৮ জানুয়ারি আফকন ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে পরাজিত করে সেনেগাল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, ম্যাচের একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সেনেগাল খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানায় এবং প্রায় ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। এমনকি সেনেগালের কোচ পাপ চাও দল নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ফাইনালের দুই মাস পর সিএএফ সেনেগালের কাছ থেকে শিরোপা প্রত্যাহার করে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করে।
এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি সেনেগাল। তারা এই সিদ্ধান্তকে ‘ইতিহাসের সবচেয়ে জঘন্য ও অন্যায্য প্রশাসনিক ডাকাতি’ বলে অভিহিত করে। খেলোয়াড়দের সম্মান রক্ষার্থে তারা সুইজারল্যান্ডে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করার ঘোষণা দেয় এবং ইতোমধ্যে আবেদনও জমা দিয়েছে। সিএএস-এ আপিল আবেদনের পর শুনানি এবং রায় আসতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
সেনেগাল ফুটবল ফেডারেশনের আইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মরক্কো, সিএএস এবং সিএএফ-কে অনুরোধ জানাবেন যেন আগামী দুই মাসের মধ্যে এই সমস্যার একটি সমাধান হয়। তারা আরো জানান যে, সেনেগাল এখনো নিজেদের আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবেই মনে করে।
রিপোর্টারের নাম 

























