ভিয়েতনামের মাঠে ৩-০ গোলে হারের পর ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন ঘটেছে। গতকাল প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে অবস্থান করছে। তবে বাংলাদেশকে হারিয়ে ভিয়েতনাম পাঁচ ধাপ উন্নতি করে ১০৩ নম্বরে উঠে এসেছে।
শীর্ষ দশের কয়েকটি দলের মধ্যে র্যাংকিং স্থান বিনিময় হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমে গেছে। গতকাল ভোরে প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও লিওনেল মেসিরা খুব বেশি পয়েন্ট বাড়াতে পারেননি। আর্জেন্টিনাকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চলতি সপ্তাহে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কোচ দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জয় পাওয়া স্পেন শীর্ষে তাদের অবস্থান ধরে রেখেছে।
চতুর্থ স্থানে ইংল্যান্ড অপরিবর্তিত রয়েছে। তবে এক ধাপ উন্নতি করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, যা ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে। একইভাবে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার রাতে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা। এ জয়ের সুবাদেই তাদের এই উন্নতি। র্যাংকিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে কোনো পরিবর্তন হয়নি; এই চারটি স্থান দখলে রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। ১২ নম্বরে উঠে এসেছে বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখা ইতালি।
রিপোর্টারের নাম 

























