আর্জেন্টিনার কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ফুটবলকে শুধু পরিসংখ্যান বা ট্রফির খেলা হিসেবে দেখেন না, বরং এটি স্মৃতি, সম্পর্ক এবং আবেগের এক অনবদ্য গল্প বলে তিনি মনে করেন। ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ডের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ফিরে গেছেন অতীতের স্মৃতিতে, যেখানে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মতো কিংবদন্তিরা স্থান করে নিয়েছেন।
ফার্ডিনান্ডের পডকাস্টে ম্যারাডোনার প্রসঙ্গ আসতেই বাতিস্তুতার কণ্ঠে বিষাদের ছায়া নেমে আসে। জাতীয় দলে একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ম্যারাডোনা ছিলেন একজন জটিল ও রহস্যময় মানুষ, কিন্তু ভেতরে ছিলেন অসাধারণ। তিনি আরও যোগ করেন, ‘এটা দুঃখজনক, কারণ তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন এবং একাই মারা গেছেন। তার পাশে কেউ ছিল না। তিনি কুকুরের মতো মারা গেছেন।’ বাতিস্তুতা নিজেকেও এর জন্য কিছুটা দায়ী করেন, কারণ তিনি ম্যারাডোনার ভক্ত ছিলেন এবং তার প্রয়োজনের সময় পাশে থাকা উচিত ছিল বলে মনে করেন।
বাতিস্তুতা মনে করেন, সুপারহিরোদেরও কষ্ট থাকে। ফুটবল বিশ্ব যাদের ‘ঈশ্বর’ বানায়, তাদেরও মানুষ হিসেবেই দেখা উচিত। তার দৃষ্টিতে, ম্যারাডোনা শুধু কিংবদন্তি ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ যিনি ভালোবাসতেন, ভুল করতেন এবং লড়াই করতেন। তারকাদের বাইরে থেকে যেমন মনে হয়, তাদের জীবনে কোনো কষ্ট নেই, বাস্তবতা তেমন নয়; তাদেরও দুঃখ, একাকিত্ব এবং লড়াই থাকে। এই ভাবনা থেকেই তিনি প্রার্থনা করেন যেন তার উত্তরসূরি লিওনেল মেসির এমন পরিণতি না হয়।
মেসি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বাতিস্তুতা দুজনকে এক পাল্লায় মাপতে রাজি হননি। তার মতে, মেসি ও ম্যারাডোনা দুটি ভিন্ন নদীস্রোতের মতো। মেসিকে তিনি ‘শান্ত নদী’র সঙ্গে তুলনা করেন, যিনি ধারাবাহিক, নিখুঁত এবং পরিসংখ্যানের জাদুকর। অন্যদিকে, ম্যারাডোনা ছিলেন ‘ঝড়’, অপ্রত্যাশিত এবং আবেগে ভরা এক বিস্ফোরণ। যদিও দক্ষতায় দুজনেই অনন্য, তবে খেলার ওপর সর্বাত্মক প্রভাব এবং সেই অদৃশ্য ক্যারিশমার দিক থেকে ম্যারাডোনা আজও অদ্বিতীয় বলে বাতিস্তুতা মনে করেন। নিজেকে তিনি ‘গোলের কবি’ হিসেবে আখ্যায়িত করেন।
রিপোর্টারের নাম 

























