বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) নিয়োগ প্রক্রিয়া অবশেষে সম্পন্ন হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সিএফও বিসিবিতে যোগদান করবেন। এছাড়াও, মানবসম্পদ বিভাগের প্রধান, আইটি প্রধান এবং প্রকিউরমেন্ট প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতেও নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি। বিসিবি পরিচালক রাহাত শামস এই তথ্য নিশ্চিত করেছেন।
রাহাত শামস বলেন, ‘বর্তমানে পরিচালকরা বিসিবিতে এসে মূলত ব্যবস্থাপনা এবং নীতি নির্ধারণী কাজে বেশি মনোযোগী হচ্ছেন। কিন্তু আগে পরিচালকদের সরাসরি ব্যবস্থাপনা কাজে যুক্ত থাকতে হতো, যা একটি প্রতিষ্ঠানের পরিচালকদের স্বাভাবিক কাজ নয়। আমরা এই ধারা থেকে বেরিয়ে এসে বিসিবির কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দক্ষতা আনতে চেষ্টা করছি। এতে বিসিবির সামগ্রিক কাজ সহজ হবে।’
তিনি আরও জানান যে, বিসিবির সাংগঠনিক কাঠামো (অরগানোগ্রাম) চূড়ান্ত হয়েছে এবং এর ভিত্তিতেই বোর্ডের সকল কার্যক্রম পরিচালিত হবে। এই নতুন কাঠামো অনুযায়ী, বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত পদোন্নতি ও বেতন বৃদ্ধি ঘটবে। রাহাত শামসের মতে, পারফরম্যান্সের ভিত্তিতে সকল কর্মকর্তা-কর্মচারী এখন থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন, যা একটি কর্মীবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























