প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার সন্ধানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি উদ্যোগ চালু করার পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনার আওতায় দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্কুল ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।
বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সরকার এবং সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুত অনুযায়ী, বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন খেলোয়াড় তৈরি এবং খেলাকে পেশাদার রূপ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, শুধু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নয়, একটি বিস্তৃত পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে দেশের প্রতিটি স্তরে ক্রীড়া প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়া হবে। এর মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বৃদ্ধি এবং বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা।
স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ক্রীড়া জগৎ গড়ে তোলা হয়। তিনি বলেন, ক্রীড়া কেবল সম্মানই বয়ে আনে না, এটি বন্ধুত্বের বন্ধনও সুদৃঢ় করে।
এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























