২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো যখন তাদের স্কোয়াড গোছাতে ব্যস্ত, তখন ব্রাজিল স্কোয়াডে দলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে। কোচ কার্লো আনচেলত্তি ফিটনেস ইস্যুতে ছাড় না দেওয়ায় নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নেইমারের সাবেক ক্লাব সতীর্থ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ তিনি ভাবতেই পারেন না।
পিএসজিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত একসঙ্গে খেললেও নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না, মাঝে মাঝে দ্বন্দ্বের খবরও শোনা গেছে। তবে এবার তিনি ব্রাজিলিয়ান তারকার প্রশংসা করেছেন। আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। নেইমার আমার চোখে অন্যতম বড় তারকা। তাকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারছি না।’ তিনি আরও বলেন, ‘তবে শেষ পর্যন্ত আমার সাবেক কোচ আনচেলত্তির বিপক্ষে যেতে পারব না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে।’
এমবাপ্পে নেইমারকে একজন পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেন, ‘নেইমার আমার চোখে এমন খেলোয়াড়, যে বড় পার্থক্য গড়ে দেয়। তার সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি। আমি তাকে জানি, সে প্রস্তুত হয়ে যাবে এবং থাকবে সেখানে (বিশ্বকাপ)।’ দীর্ঘদিন ধরে চোটে ভুগতে থাকা নেইমারকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার বিষয়টি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ দুটি প্রীতি ম্যাচেও নেইমারকে দলে ডাকা হয়নি।
রিপোর্টারের নাম 

























