নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি স্মরণীয় অধ্যায় রচনা করল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দিকে পিছিয়ে থাকলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে ট্রফি নিশ্চিত করেছে সফরকারীরা। এই জয়ের মধ্য দিয়ে কিউইদের মাটিতে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের অনন্য এক রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে তরুণ ব্যাটার কনর এস্তেহেইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩৩ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৭৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানেই থমকে যায় নিউজিল্যান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা এবং সিরিজসেরা—উভয় পুরস্কারই বগলদাবা করেছেন ২৪ বছর বয়সী এস্তেহেইজেন, যিনি পুরো সিরিজে মোট ২০০ রান সংগ্রহ করেছেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে রানের গতি কিছুটা ধীর থাকলেও ১১তম ওভারে এস্তেহেইজেন ক্রিজে আসার পর দৃশ্যপট বদলে যায়। শেষ ৫৯ বলে প্রোটিয়ারা স্কোরবোর্ডে ১০৮ রান যোগ করে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে বেভন জ্যাকবস সর্বোচ্চ ৩৬ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে জেরাল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
রিপোর্টারের নাম 

























