দীর্ঘ আট বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর নিজেকে ক্লাবের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছেন। তার বিদায়ের ঘোষণায় লিভারপুল ভক্তদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে।
লিভারপুলের হয়ে সালাহ চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং ক্লাব বিশ্বকাপসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। চারবার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে চলতি মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। অধিকাংশ ম্যাচে সাইডবেঞ্চে থাকা এবং গোলখরা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই তিনি ক্লাব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সালাহ জানিয়েছেন, লিভারপুল শহর ও এখানকার মানুষ তার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তবে তার পরবর্তী গন্তব্য নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা জানিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফুটবল বিশ্বে গুঞ্জন রয়েছে, সালাহকে পেতে সৌদি আরবের আল ইত্তিহাদ বা আল হিলাল বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও তার যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রিপোর্টারের নাম 

























