মাঠের লড়াইয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ২৮ ফেব্রুয়ারি আল-ফায়হার বিপক্ষে ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত চোট পান তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠতে আল-নাসর ও পর্তুগাল জাতীয় দলের চিকিৎসকদের পরামর্শে বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থান করছেন এই ফরোয়ার্ড।
চল্লিশোর্ধ্ব বয়সেও নিজের ফিটনেস নিয়ে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিমনেসিয়ামে কঠোর পরিশ্রমের একটি ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে তার পায়ের পেশিবহুল গঠন দেখে বিষ্ময় প্রকাশ করেছেন ফুটবল প্রেমীরা। স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ তার এই পা-কে সাধারণ কোনো মানুষের নয়, বরং ‘ইস্পাতের তৈরি’ বলে অভিহিত করেছে।
রোনালদোর এই অদম্য স্পৃহা দেখে আশাবাদী পর্তুগিজ কোচ রবার্টো মার্টিনেজও। তিনি জানিয়েছেন, রোনালদোর এই চোট গুরুতর কিছু নয় এবং আগামী ২০২৬ বিশ্বকাপের আগেই তিনি পূর্ণ ফিটনেস ফিরে পাবেন। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে, যেখানে সিআর সেভেনকে ঘিরেই জয়ের ছক কষছে দলটি।
রিপোর্টারের নাম 

























