সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং তাদের স্বপ্ন পূরণে সংসদ ও সংসদের বাইরে সব ধরনের চাপ প্রয়োগ করা হবে।
সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে এনসিপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সিফাত বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদের সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সংসদের ভেতরে নাহিদ ইসলাম এবং বাইরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে সোচ্চার রয়েছেন এবং আগামীতেও এই সক্রিয় অবস্থান বজায় থাকবে।
বিগত সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হওয়া জুলুম-অত্যাচারের বিচার দাবি করে তিনি বলেন, সীতাকুণ্ডসহ সারা দেশে যারা শহীদ হয়েছেন, তাদের অবদান অনস্বীকার্য। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ না নেওয়ায় জুলাই সনদ বাস্তবায়নে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে শহীদদের চেতনাকে ধারণ করে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।
রিপোর্টারের নাম 

























