তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছে।
ভৈরবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের জন্য মাসিক ভাতা এবং নারীদের আত্মনির্ভরশীল করতে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নে খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলমান রয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করা জরুরি। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























