চাঁদপুরের ফরিদগঞ্জে সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, রোববার সকালে ওই ছাত্রী তার সহপাঠী সালমানের সঙ্গে ঘুরতে বের হন। ভ্রমণের একপর্যায়ে নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। নির্যাতনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলেও অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী এবং হামছাপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছে।
রিপোর্টারের নাম 

























