সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি অভিভাবকদের স্মার্টফোনের পরিবর্তে সাশ্রয়ী ও সীমিত ফিচারের বাটন ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
সোমবার সকালে সন্দ্বীপের মগধরা ইউনিয়নে মাস্টার সায়েদুল হক ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এমপি মোস্তফা কামাল পাশা বলেন, বর্তমানে অনেক অভিভাবকই সন্তানদের মোবাইল আসক্তি নিয়ে উদ্বিগ্ন। কিন্তু অভিভাবকরা যদি নিজেরা স্মার্টফোনের বদলে সাধারণ বাটন ফোন ব্যবহার করেন, তবে এই দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। বাটন ফোনে গেম বা অন্য কোনো আসক্তিকর অ্যাপ ব্যবহারের সুযোগ থাকে না এবং এগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী। তিনি মনে করেন, সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হলে অভিভাবকদের দৃষ্টান্ত স্থাপন করা অত্যন্ত জরুরি।
বক্তব্যে তিনি আক্ষেপ করে বলেন, অতীতে সন্দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠান কম থাকা সত্ত্বেও এই অঞ্চলের শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরগুলোতে উজ্জ্বল উপস্থিতি বজায় রাখত। বর্তমানে সরকারি স্কুল-কলেজ সংখ্যা বাড়লেও সেই তুলনায় কাঙ্ক্ষিত ফলাফল বা ‘আউটপুট’ পাওয়া যাচ্ছে না। শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, ভালো লেখাপড়ার আশায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে শহরমুখী হতে বাধ্য হচ্ছেন, যা কাম্য নয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি বিতরণ করা হয় এবং স্থানীয় সুধীজন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোস্তফা কামাল পাশা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে নৈতিক শিক্ষার ওপর জোর দেন। একইসাথে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি উপস্থিত অভিভাবকদের অনুরোধ জানান।
রিপোর্টারের নাম 

























