পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র রমজান মাসে টানা ৩০ দিন নিয়মিত সালাত আদায়কারী ৫৭ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) পৌরশহরের কুমরাডাঙ্গা জামে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মোট ১১৭ জন শিশু-কিশোর অংশ নিয়েছিল। বিজয়ী ৫৭ জনকে চারটি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম ক্যাটাগরির ৭ জনকে বাইসাইকেল, দ্বিতীয় ক্যাটাগরির ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি, ছাতা, চাবির রিং এবং এক বক্স বিস্কুট দেওয়া হয়। তৃতীয় ক্যাটাগরির ১৯ জনকে জায়নামাজ, ঘড়ি ও চাবির রিং এবং চতুর্থ ক্যাটাগরির ৬ জনকে জায়নামাজ ও চাবির রিং উপহার হিসেবে প্রদান করা হয়।
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিএসডিও) সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার এবং সংগঠনের উপদেষ্টা মনিরুল ইসলাম ও প্রভাষক ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি রুহুল আমিন জানান, শিশুদের ছোটবেলা থেকেই সালাত আদায়ে অভ্যস্ত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























