গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির রাজনীতিতে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দ্বৈত অবস্থানের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যারা তা মানতে পারবেন না, তাদের দলে থাকার সুযোগ থাকবে না।
রবিবার নেছারাবাদ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে থেকে বিএনপির রাজনীতি করতে পারবেন না। এ ধরনের দ্বৈত অবস্থান দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মতপার্থক্য সহ্য করা হবে না এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, উপজেলা পরিষদ প্রশাসক নির্বাচনের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি। দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএনপিকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক মেয়র ও সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি গাজী কামাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রিপোর্টারের নাম 

























