মেজর লিগ সকারের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে পরাজিত করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই জয়ের মধ্য দিয়ে মেসি তার বর্ণিল ক্যারিয়ারের ৯০১তম গোলটিও পূর্ণ করেছেন।
ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামি এগিয়ে যায়। খেলার চতুর্থ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার গন্সালো লুহান দলের পক্ষে প্রথম গোলটি করেন। তবে ১৩ মিনিট পরই নিউ ইয়র্ক সিটি মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউয়ের গোলে সমতা ফেরায়। এরপর পিছিয়ে পড়লেও ইন্টার মায়ামিকে সমতায় ফেরান স্বয়ং লিওনেল মেসি। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোস জয়সূচক গোলটি করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন। নিউ ইয়র্কের পক্ষে অপর গোলটি করেন উইঙ্গার আগুস্তিন ওহেদা।
আগের ম্যাচেই ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা মেসি আজ ভোরে তার ৯০১তম গোলের দেখা পান। ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন মায়ামি অধিনায়ক। ৩১তম মিনিটে মেসির শট ক্রসবারে লেগে ফিরে আসে, ৪২তম মিনিটে তার আরেকটি শট পোস্টে বাধা পায়। এমনকি ম্যাচের ৮৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট নিউ ইয়র্কের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। শেষ দিকেও গোলের আরেকটি সুযোগ হাতছাড়া করেন এই ফুটবল জাদুকর।
তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বক্সের অনেক বাইরে থেকে একটি ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। শট নিতে যান মেসি। ধারাভাষ্যকার তখন মন্তব্য করেন, ‘দূরত্ব অনেকটাই বেশি, তবে কিছু খেলোয়াড়ের জন্য এখান থেকেও গোল করা সম্ভব। বল পায়ে যিনি আছেন, তিনি তাদেরই একজন…’। ধারাভাষ্যকারের কথা কয়েক সেকেন্ডের মধ্যেই সত্যি করে দেন কাতার বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার। তার নেওয়া অসাধারণ শটটি সরাসরি জালে জড়ায় এবং দলকে সমতায় ফেরাতে বড় ভূমিকা রাখে।
রিপোর্টারের নাম 

























