মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জোরালো আহ্বান জানানো হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এই অবস্থান তুলে ধরে।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধকবলিত অঞ্চল দিয়ে যাতায়াতকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংঘাত পরিহার করে গঠনমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও অধিবেশনে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 
























