নাটোর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আবুল কালাম আজাদ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল পার্কিং করা নিয়ে আবুল কালাম আজাদের ছেলে কাউসারের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে সোমবার রাতে আলামিন, হামজা ও রহিমসহ অন্তত ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে তারা দুজনেই গুরুতর জখম হন।
আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। অন্যদিকে, তার ছেলে কাউসার মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 























