নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭১টি ইউনিয়নে মোট ২৮৫টি খাল খনন ও পুনর্খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খননের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
ড. মঈন খান তার বক্তব্যে বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের উন্নতির জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা না গেলে মানব সভ্যতা সংকটে পড়বে উল্লেখ করে তিনি আন্তঃনদী অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এটি কোনো লোকদেখানো কর্মসূচি নয়; বরং কৃষকের সেচ সুবিধা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই কৃষকরা এর সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























