ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ৫.৮ কিলোমিটার দীর্ঘ সিংড়া খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার বাঁশাটি ইউনিয়নে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই খনন কাজের উদ্বোধন করেন। ২০২৫-২৬ অর্থবছরের দেশব্যাপী নদী-নালা ও জলাশয় উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের আগে দেশবাসীর কাছে যে উন্নয়নমূলক অঙ্গীকার করা হয়েছিল, সারা দেশে খাল খনন কর্মসূচি তার অন্যতম বাস্তব প্রতিফলন। তিনি আরও জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ডের পর এবার শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া ধর্মীয় নেতাদের কল্যাণে ইমাম ও মুয়াজ্জিন ভাতার পাইলট প্রকল্পও চলমান রয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সিংড়া খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে প্রতীকীভাবে মাটি কাটার মাধ্যমে খনন কাজের সূচনা করা হয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
রিপোর্টারের নাম 





















