লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত এবং বাকি তিনজন লুণ্ঠিত স্বর্ণ কেনাবেচার অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী। গত ৯ মার্চ দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার কুশাখালী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল গৃহকর্তাকে জিম্মি করে প্রায় ২৯ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, যার মোট বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঘটনার পর চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে খোরশেদ আলম ও মোহন নামের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ কর্মকার, অরূপ রায় ও স্বরূপ রায় নামে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























