দেশের জলাধার ও খাল রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খালের সীমানার ভেতরে কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব বরদাশত করা হবে না। সরকারের মালিকানাধীন এসব খাল উদ্ধারে এবং প্রকল্প বাস্তবায়নে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।
সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ৫৪টি জেলায় একযোগে খাল সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচিকে আধুনিকায়ন করে বর্তমান সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মিরসরাইয়ের এই ৩ কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বছরে অতিরিক্ত ৫ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে এবং এলাকার জলাবদ্ধতা দূর হবে। এছাড়া খালের দুই পাড়ে গাছ রোপণের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও কার্বন ক্রেডিট ব্যবস্থার সুবিধা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
রিপোর্টারের নাম 
























