শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের কুর্শা বাইপাস মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম নাজিফ (১২), সে জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তার স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কুর্শা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিফের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নাজিফের মা সুমা আক্তার, তার দুই ভাইবোন নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























