পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করায় খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি।
রোববার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১১ রানে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। সিরিজ জয়ের পর এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ ক্রিকেটাররা অত্যন্ত সাহসিকতা ও একতাবদ্ধ হয়ে এই জয় ছিনিয়ে এনেছে। শেষ মুহূর্তের স্নায়ুচাপ সামলে এই জয় প্রমাণ করে যে, একাগ্রতা ও দলগত প্রচেষ্টা থাকলে যেকোনো বড় সাফল্য অর্জন সম্ভব।
দেশের ক্রিকেটের এই সাফল্যে গর্ব প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, জাতীয় দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ক্রিকেটের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























