টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিন অ্যালেনের বিধ্বংসী ইনিংসে ভেঙে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার স্বপ্ন। সেই হারের পর প্রথমবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েই দারুণভাবে প্রতিশোধ নিল প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে নিউ জিল্যান্ড মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে সহজ লক্ষ্য তাড়া করে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারীরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। কিন্তু শুরু থেকেই তারা চাপে পড়ে। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর জিমি নিশামের ২১ বলে ২৬, কোল ম্যাকঞ্জির ১১ বলে ১৫ এবং মিচেল স্যান্টনারের ১৫ বলে ১৯ রান দলের স্কোর কিছুটা সম্মানজনক জায়গায় নেওয়ার চেষ্টা করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ১৯ বছর বয়সী অভিষিক্ত পেসার কোবানি মোকোয়েনা। তিনি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া জেরাল্ড কুটসিয়া, ওটনিয়েল বার্টম্যান এবং কেশব মহারাজ দুটি করে উইকেট লাভ করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। দ্রুতই ফিরে যান টনি ডি জর্জি, রুবেন হারমান এবং জেসন স্মিথ। তবে একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে দলকে এগিয়ে নেন অভিষিক্ত ওপেনার কনর এস্থেইজেন। চতুর্থ উইকেটে ডিন ফরেস্টারের সঙ্গে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের পথ সহজ করেন তিনি। ২ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন এস্থেইজেন।
রিপোর্টারের নাম 

























