ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৩তম ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে এসে সালমান আলী আগাকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। ৯৮ বলে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে তিনি এই মাইলফলক অর্জন করেন। এর আগে তার সর্বোচ্চ ওয়ানডে স্কোর ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে। তানজিদ তামিম ১০৩ বলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন এবং তার সঙ্গী লিটন দাস ১৮ বলে ৮ রানে ব্যাটিং করছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরানের জুটি গড়েন তানজিদ ও সাইফ হাসান। ইনিংসের ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ৫৫ বলে ৩৬ রান (৩ চার) করেন সাইফ। এই জুটি ভাঙে ১০৫ রানে।
দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ৩টি চারের মারে ২৭ রান করে তিনি হারিস রউফের বলে এলবিডব্লিউ হন। বর্তমানে তানজিদ তামিম লিটন দাসকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 

























