ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা রাষ্ট্র ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকেই আসর থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা।
গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা চলছে, যার পাল্টা প্রতিক্রিয়াও দেখাচ্ছে ইরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানকে বিশ্বকাপ নিয়ে সতর্ক করেন ট্রাম্প। গত বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত জানানো হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে এসে খেলা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরানের জাতীয় দল। তাদের পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রতিযোগিতা, যার নিয়ন্ত্রণ রয়েছে ফিফার হাতে। এখানে কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে কোনো দলকে বাদ দেওয়ার সুযোগ নেই।
ইরানের ফুটবলাররা আরও বলেন, ধারাবাহিক সাফল্য এবং যোগ্যতার ভিত্তিতেই তাদের জাতীয় দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাই কেউ ইচ্ছা করলেই ইরানকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পারবে না। একই সাথে তারা দাবি করেন, যদি কোনো দেশকে বাদ দিতেই হয়, তবে এমন দেশকে বাদ দেওয়া উচিত যারা শুধু আয়োজক হলেও অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে গত বছরই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তাদের ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটেলে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























