বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ১২৮ রানের বড় জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সালমান আগার বিতর্কিত রান আউট। মেহেদি হাসান মিরাজের করা সেই আউট নিয়ে প্রশ্ন উঠেছে তার স্পোর্টসম্যানশিপ নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই ক্রিকেটারও মনে করেন, মিরাজ আরও বেশি স্পোর্টসম্যানশিপ দেখাতে পারতেন।
৬২ বলে ৬৪ রান করে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অবস্থায় বিতর্কিতভাবে রান আউট হন সালমান আগা। তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের একটা বিষয় আছে। সে (মিরাজ) যা করেছে, আইনের মধ্যে সেটা সঠিক। তবে সে আমাকে জিজ্ঞাসা করতে পারত আমার উদ্দেশ্য কী ছিল। আমরা এর আগে এমন কিছু করি নাই। ভবিষ্যতেও করব বলে মনে হয় না।’
আগা আরও ব্যাখ্যা করেন, বল তার পায়ে লেগেছিল এবং এরপর তার মনে হয়েছিল মিরাজ তাকে রান আউট করবে না। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র বল ফেরত দেওয়ার চেষ্টা করেছি। আমি রান নেওয়ার বা ওই রকম কোনো চিন্তা করছিলাম না। কিন্তু এর আগেই সে এটা (রান আউট) করে ফেলেছে।’
স্পোর্টসম্যানশিপের কথা বললেও ঘটনার পর মেজাজ হারিয়ে ব্যাট, হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মাঠের প্রতিক্রিয়া দেখান সালমান আগা। এমন প্রতিক্রিয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সম্ভবত হিট অব দ্য মোমেন্টে হয়েছে।’ একই সময়ে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাসকে তার দিকে তেড়ে যেতে দেখা যায়। এ বিষয়ে সালমান আগা বলেন, ‘মনে করতে পারছি না, ওই সময়ে কী হয়েছিল। তবে এটা নিশ্চিত ভালো কিছু বলে নাই। তবে এখন আমরা ওকে।’
রিপোর্টারের নাম 























