বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি তাদের ১-১ গোলে রুখে দিয়েছে। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সাদা-কালোরা। অন্যদিকে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পুলিশ দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুলিশ এফসি লিড নিলেও ৪২ মিনিটে মুজাফফর মুজাফফরভের গোলে সমতায় ফেরে মোহামেডান। দ্বিতীয়ার্ধে কোনো পক্ষই আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও লিগ ম্যাচে ড্র করেছিল এই দুই দল।
দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তারা ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। রহমতগঞ্জের হয়ে গোল তিনটি করেন সলোমন কিং, রফিকুল ও বোয়েটাং। এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটি।
রিপোর্টারের নাম 

























