জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আত্মপরিচয় গঠনের লক্ষ্য নিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আত্মপ্রকাশ করেছে ‘আমার দেশ পাঠকমেলা’। সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় পর্ষদের অনুমোদনক্রমে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি গঠিত হয়েছে। এই তাত্ত্বিক ও সাংস্কৃতিক উদ্যোগের নেতৃত্বে রয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মাহিদুজ্জামান সিয়াম এবং বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী তাইয়্যেবা ফেরদৌসী রোজা।
নবগঠিত কমিটিতে মাহিদুজ্জামান সিয়াম সভাপতি এবং তাইয়্যেবা ফেরদৌসী রোজা সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফা আক্তার সোমা ও ফারাহ তাসনিম সাবা, সাংগঠনিক সম্পাদক পদে রুবাই ইসলাম চয়ন, দপ্তর সম্পাদক পদে সাইদ মো. নাজমুল হুদা রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহিউদ্দিন শিহাব এবং অর্থ সম্পাদক পদে হাসান মো. কামরুজ্জামান আলী মনোনীত হয়েছেন।
নারীদের অধিকার ও সামাজিক সুরক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে নাদিয়া ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মো. আশিক মিয়া দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে জাকিয়া আক্তার নূপুর, মো. মুতাসিম বিল্লাহ সিয়াম শেখ, উম্মে সাবিয়া ওয়ালি, ফারদিন আরিয়ান শিহাব, মো. শাকিব জুলকারনাইন, মো. হামিদুল ইসলাম শাহেদ এবং মো. তানভীর আহমেদ কমিটিতে স্থান পেয়েছেন।
সংগঠনটির বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশ্ববিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. মো. আলী আজম খান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ক্লিনিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌস, আইন বিভাগের প্রভাষক কাওছার আহমেদ, ফার্মেসি বিভাগের প্রভাষক লুৎফুল হক স্মরণ এবং সাবেক শিক্ষার্থী ইভা আক্তার। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সংগঠনটিকে দিকনির্দেশনা দেবেন।
নবগঠিত কমিটির সভাপতি মাহিদুজ্জামান সিয়াম বলেন, “আমরা কেবল একটি ছাত্র সংগঠন বা বই পড়ার ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করছি না; বরং গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা এক নতুন বুদ্ধিবৃত্তিক মানচিত্র আঁকতে চাই। আমাদের কাছে ‘পাঠ’ মানে স্রেফ তথ্য মুখস্থ করা নয়, বরং ইতিহাস ও সভ্যতাকে প্রশ্ন করার স্পর্ধা অর্জন করা। আমরা বিশ্বাস করি, একটি সমৃদ্ধ সমাজ গঠনের আগে একটি সুসংহত ‘বিপ্লবী’ মনন প্রয়োজন।”
রিপোর্টারের নাম 
























