রমজান মাসে কেবল ইফতারের আয়োজনই নয়, বরং ইতিহাস, চিন্তা ও দায়িত্ববোধকে এক সূত্রে গাঁথতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মুসা খাঁ মসজিদ মাঠ প্রাঙ্গণে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এবং পাঠকমেলা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলটি নবীন ও প্রবীণ লেখক-পাঠকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএলএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মো. খালেদ সাইফুল্লাহ ও কাব্য সাহা, আমার দেশ পাঠকমেলার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত করে তোলে।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, গভীর চিন্তাভাবনার আদান-প্রদান এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করার একটি আন্তরিক প্রচেষ্টা। পাঠকমেলার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে একতার অনুভূতি এবং সাহিত্যচর্চার প্রতি গভীর দায়বদ্ধতা ফুটে উঠেছিল।
ইফতার শেষে, উপস্থিত সদস্যরা ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর ঐতিহাসিক বীর মুসা খাঁর সমাধির পাশে দাঁড়িয়ে তার জীবন, সংগ্রাম ও বীরত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পাঠকমেলা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ। তার আলোচনায় বাংলার স্বাধীনতা সংগ্রামে মুসা খাঁর সাহসী ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি তুলে ধরার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়।
তবে, ঐতিহাসিক এই বীরের সমাধি এবং তার নামে নির্মিত মসজিদের বেহাল অবস্থা দেখে উপস্থিত সদস্যরা গভীর দুঃখ প্রকাশ করেন। তারা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্মারকগুলোর যথাযথ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মুসা খাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সামিন ইয়াসার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিয়াদ নওশাদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক কুশ কুমার, উপ-দপ্তর সম্পাদক নুর নাহার, অর্থ সম্পাদক ইমরান, সদস্য সেতু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























