পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) দুপুর ২:১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের লক্ষ্য এই ম্যাচে জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ তাদের আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে। তবে, পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আবরার আহমেদের পরিবর্তে পেসার হারিস রউফকে খেলানো হচ্ছে।
এই ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি লাভ করবে। বর্তমানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। আজকের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮০ হবে এবং তারা নবম স্থানে উঠে আসবে। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট ৮১ হবে। র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছিল। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জিতেছিল মিরাজের দল। ফলে, তিন ম্যাচের এই সিরিজে আজ জিতলেই স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী অঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
রিপোর্টারের নাম 

























