দেশের নবনির্বাচিত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তাঁরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের এই দুই শীর্ষ কর্মকর্তা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। সংসদীয় নেতা তারেক রহমান সভাপতিত্বের জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা সরকারি ও বিরোধী দলের সদস্যরা সমর্থন জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম এতে সমর্থন জানান। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন। অন্যদিকে, ডেপুটি স্পিকার পদে নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন এবং এবিএম আশরাফ উদ্দিন নিজাম সমর্থন জানান। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় কায়সার কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন। সংসদের উদ্বোধনী অধিবেশনে দায়িত্ব পাওয়ার পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।
স্পিকার ও ডেপুটি স্পিকার এরপর শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























