প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে। মিরপুরে দুপুর ২.১৫ মিনিটে অনুষ্ঠিতব্য এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজ প্রতিনিধিরা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর এমন জয় দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে, যা কাজে লাগিয়ে তারা সিরিজ জয় করতে দৃঢ়প্রতিজ্ঞ।
গত পরশু অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। নাহিদ তার ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। জবাবে, ১৫.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়। তরুণ তানজিদ হাসান তামিম ৪২ বলে ৬২ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের জয়কে সহজ করে তোলেন।
এই জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘লম্বা সময় পর ওয়ানডে ম্যাচ খেলা কঠিন ছিল, তবে আমরা পরিস্থিতি ভালোভাবে সামলেছি। সবাই কঠোর পরিশ্রম করেছে এবং আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে ওয়ানডে র্যাংকিংয়ে অন্তত অষ্টম স্থানে থাকতে হবে। তাই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক মিরাজ বলেন, ‘বিশ্বকাপে জায়গা পেতে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো ফল আসবে এবং আমি পরের দুই ম্যাচ নিয়েও আশাবাদী।’
সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ পাকিস্তানকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। এবারও সেই ধারা বজায় রাখতে মরিয়া বাংলাদেশ। এই ম্যাচ জিতলে বাংলাদেশ র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে আসবে। বর্তমানে ১০ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬; জয় পেলে তা ৮০-তে উন্নীত হবে। সিরিজ জয়ের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি করার এই সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা।
রিপোর্টারের নাম 

























