বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং একজন নির্বাচকের পদ খালি হওয়ায় নতুন করে ক্রিকেটারদের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মেয়াদ শেষে আর কাজ করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন। এছাড়া বিসিবি পরিচালক হওয়ায় আব্দুর রাজ্জাকও নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন। এই দুই পদের বিপরীতে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১৫ জন আজ (মঙ্গলবার) সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ, তিন পরিচালক আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট এবং নাজমুল আবেদিন ফাহিম। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাক্ষাৎকার শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান নির্বাচকের পদে হাবিবুল বাশার সুমন সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি এর আগে নির্বাচক প্যানেলের দায়িত্বে ছিলেন এবং তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। প্রধান নির্বাচকের পাশাপাশি নতুন যে নির্বাচকের পদটি খালি হয়েছে, সে বিষয়ে বিসিবি নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এরপর বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কে বা কারা এই দায়িত্ব পেতে যাচ্ছেন। উল্লেখ্য, সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করছেন।
রিপোর্টারের নাম 

























