ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে ইরান জাতীয় দলকে স্বাগত জানাবেন এমন খবর প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান বদলালেন। ট্রাম্প জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান দলের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগতম। তবে আমি সত্যিই বিশ্বাস করি না যে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য এখানে আসা ঠিক হবে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইলসহ পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই উত্তেজনার মধ্যে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এর আগে ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং একটি ইতিবাচক সমাধানও মিলেছে। তিনি দাবি করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইনফান্তিনোর এই পোস্টের পরপরই ইরানের ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপে অংশগ্রহণ না করার ঘোষণা দেন। তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।”
ফিফার প্রথম শান্তি পুরস্কার বিজয়ী ট্রাম্পের এমন নিরাপত্তা বিষয়ক মন্তব্যের পর বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা আরও কমে গেছে। গত বছর এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরুর কথা। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 

























