কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি ও ন্যাশভিল এফসি। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে, কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে ফিরতি লেগে।
এই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার স্বভাবসুলভ ছন্দে ছিলেন না। পুরো খেলায় তিনি মাত্র একটি শট নিতে সক্ষম হন, সেটিও প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দেন। গোল বা অ্যাসিস্ট কোনোটিতেই তিনি অবদান রাখতে পারেননি। ম্যাচের ৫৫তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নেওয়া মেসির শটটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। এটি ছিল ম্যাচে তার একমাত্র লক্ষ্যভেদী শট। গত নভেম্বরের পর এটিই মেসির সবচেয়ে কম কার্যকর পারফরম্যান্সগুলোর মধ্যে একটি।
পরিসংখ্যান অনুযায়ী, ইন্টার মিয়ামি বল দখলে কিছুটা এগিয়ে ছিল, ৫৯ শতাংশ সময় বল তাদের পায়ে ছিল। তবে আক্রমণে তারা তেমন ধার দেখাতে পারেনি। পুরো ম্যাচে মায়ামি পাঁচটি শট নেয়, যার মধ্যে মাত্র একটি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ন্যাশভিল ১১টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের ৬৫তম মিনিটে ন্যাশভিলের রিড বেকার-হোয়াইটিং একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন। কর্নার থেকে পাওয়া বলে বক্সের ভেতর থেকে হেড নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
মেসি এর আগে ২০২৪ সালের এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন, যেখানে তিনি ১২ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
গোলশূন্য সমতায় শেষ হওয়া এই লড়াইয়ের পর, দ্বিতীয় লেগে দুই দলকেই নতুন করে হিসাব কষতে হবে। আগামী ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মিয়ামি। সেখানেই নির্ধারিত হবে কোন দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
রিপোর্টারের নাম 

























