বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে বাবর আজম ও সাইম আইয়ুবের মতো তারকারা জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। এই বিষয়ে প্রধান কোচ মাইক হেসনের পর এবার মুখ খুললেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ব্যাপারটিকে তরুণদের জন্য এক দারুণ সুযোগ হিসেবে দেখছেন এবং দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি বলে দাবি করেছেন।
শাহিন শাহ বলেন, ‘দেখুন, এই সিরিজ থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। আমরা শুধু নতুনদের সুযোগ দিতে চেয়েছি। তারাই আমাদের ভবিষ্যৎ।’ তরুণদের প্রতি পূর্ণ আস্থা রেখে শাহিন শাহ আফ্রিদি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, যখন সময় আসবে, তারা নিজেদের ভূমিকা বুঝবে। আমরা আমাদের দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করছি।’
বাংলাদেশ সফরে পাকিস্তান দলে মোট ছয়জন নতুন মুখ এসেছেন। শাহিন শাহ আফ্রিদি ইঙ্গিত দিয়েছেন যে, এই ছয়জনের মধ্যে তিনজনের অভিষেক হতে পারে। তিনি বলেন, ‘অবশ্যই তিনজনের অভিষেক হতে পারে। এই তালিকায় সাহিবজাদা আছেন। সে টি-টোয়েন্টিতে আমাদের সেরা পারফর্মার। মাজ সাদাকাত ওপেন করবে। টপ অর্ডারে তিন নম্বরে খেলবে শ্যামল হুসেইন।’
তার কথায় স্পষ্ট, টপ অর্ডারে পুরোপুরি নতুন খেলোয়াড়দের নিয়ে খেলবে পাকিস্তান। এই দল নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহিন শাহ বলেন, ‘আমার মনে হয়, তারা ভালো খেলবে। তাদের নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’
এছাড়া উইকেটের পরিস্থিতি নিয়ে শাহিন শাহ আফ্রিদি মন্তব্য করেন, ‘আমার মনে হয় পেসারদের জন্য কিছু একটা থাকবে। দেখা যাক কী হয়।’
রিপোর্টারের নাম 

























