ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিতব্য ‘ফিনালিসিমা’ ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এই ম্যাচেই দুই প্রজন্মের তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে ম্যাচটির ভেন্যু নিয়ে এখন বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আগামী ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট ও ম্যাচ আয়োজন সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে দোহায় ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
এই পরিস্থিতিতে ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন রাফায়েল লৌজন। তার মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরও জানান, ইতোমধ্যে এই ম্যাচ উপলক্ষে নির্ধারিত দুটি চার্টার ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে থাকায়, ম্যাচটি সেখানেই আয়োজন করা যুক্তিযুক্ত হতে পারে বলে তিনি মনে করেন।
কনমেবল ও উয়েফা এই পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। কারণ ফিনালিসিমা আয়োজনের সঙ্গে একাধিক ম্যাচ ও বাণিজ্যিক চুক্তিও জড়িত। পরিকল্পনা অনুযায়ী, একই প্যাকেজের অংশ হিসেবে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ ছাড়াও আরও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ দোহায় আয়োজনের কথা ছিল। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পুরো সূচিই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
রিপোর্টারের নাম 

























