ইতালিয়ান সিরি আ’র জমজমাট ‘মিলান ডার্বি’তে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে এসি মিলান। সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলে জয় তুলে নেয় রোসোনেরিরা।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে এসি মিলানের পয়েন্টের ব্যবধান সাত-এ নেমে এসেছে। পাশাপাশি, ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম একই মৌসুমে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পেল মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল এসি মিলান। ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমারের ভুল কিক থেকে বল পেয়ে শট নেন লুকা মদ্রিচ, তবে তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ইন্টার। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়লেও মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মাইক মেনিয়ানের কাছে পরাস্ত হন হেনরিখ খিতারান। মেনিয়ানের সেই গুরুত্বপূর্ণ সেভের মাত্র ৭৮ সেকেন্ড পরই গোল পেয়ে যায় এসি মিলান। ইউসুফ ফোফানার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান ইকুয়েডরিয়ান ডিফেন্ডার এস্তুপিনান।
গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার। কয়েকটি ভালো সুযোগ পেলেও তারা গোল আদায় করতে পারেননি। যোগ করা সময়ে ডিমারকোর একটি ক্রস থেকে বল জালে গেলেও কর্নার নেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজানোয় সেটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে এসি মিলান।
রিপোর্টারের নাম 

























