বাংলাদেশের নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে। তবে টুর্নামেন্টে এখনো কোনো জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসরে নিজেদের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বীরত্ব দেখালেও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যায়। এরপর উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। টানা দুই ম্যাচ হারলেও, টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ।
আজ পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের মতো উজবেকিস্তানও তাদের প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার কাছে হেরেছে। ‘বি’ গ্রুপে বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চীন। গোল ব্যবধানে এগিয়ে থাকা উজবেকিস্তান তিনে এবং বাংলাদেশ চারে অবস্থান করছে। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সামনে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ আটে ওঠার এবং বিশ্বকাপে খেলার স্বপ্ন জিইয়ে রাখার সম্ভাবনা তৈরি হবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুটি দলও শেষ আটে খেলার সুযোগ পাবে। যেহেতু চীন ও উত্তর কোরিয়া ইতোমধ্যে সেরা আটে পৌঁছে গেছে, তাই ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুয়ে থাকার জন্য উজবেকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারী এশিয়ান কাপে উজবেকিস্তান এর আগে পাঁচবার অংশ নিলেও ২০০৩ সালের পর এবারই প্রথম মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। অন্যদিকে, বাংলাদেশ এই আসরে প্রথমবার খেলছে। ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে; উজবেকিস্তান ৪৯তম এবং বাংলাদেশ ১১২তম অবস্থানে রয়েছে। এই ব্যবধানকে ছাপিয়ে মেয়েরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ বাটলার।
রিপোর্টারের নাম 

























