ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেছেন। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন এবং সকল সমস্যা সমাধানের তৌফিক দান করেন। বিশেষ করে, ইহুদি, নাসারা ও কাফেরদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের জাতিকে হেফাজত করার জন্য তিনি রোজাদারদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।
রবিবার বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশ যেন সব অপশক্তি থেকে সুরক্ষিত থাকে। এছাড়াও, তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও তিনি দোয়া প্রার্থনা করেন।
পরে, দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় দশ হাজার রোজাদার এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























