জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) হাজির হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সাথে ঢাকার ক্রিকেটের কয়েকজন পরিচিত সংগঠকও উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় ‘দুনম্বরি’ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। গঠনতন্ত্রের বাইরে গিয়ে নিজেদের পছন্দসই ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তামিম ইকবাল এবং তার সাথে থাকা ক্রিকেট সংগঠকরা বিসিবির নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের জন্য ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন।
প্রায় সাড়ে চার মাস পর এই অভিযোগ জানানোর বিষয়ে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিসিবির নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। আশা করছি জাতীয় ক্রীড়া পরিষদ যথাযথ ব্যবস্থা নেবেন।’ তিনি আরও জানান, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়েছে, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে।
বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ দাখিলের সময় তামিমের সঙ্গে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন ভূঁইয়া, মাসুদুজ্জামান, ফাহিম সিনহাও উপস্থিত ছিলেন। এই সংগঠকরাও গত অক্টোবরের বিসিবি নির্বাচন বয়কট করেছিলেন।
রিপোর্টারের নাম 

























