আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। গতকাল সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী দেশের সকল নাগরিকের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক এবং স্বস্তিময় করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা বাস্তবায়নে পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক, দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের উপর জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদ যাত্রায় সেতু পারাপারের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকলে তা চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং বাস মালিকদের সাথে সভা করার প্রয়োজন রয়েছে। তিনি যাত্রী সাধারণকে ধৈর্য ধরে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের সুবিধার্থে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু থাকবে, যাতে ইটিসি কার্ডধারী গাড়িগুলো দ্রুত ও নির্বিঘ্নে সেতু পার হতে পারে। এছাড়া, সকল সেতু ও স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং পর্যবেক্ষণের জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার পরামর্শ দেওয়া হয়।
দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় ভাঙতি টাকার সংস্থান রাখা এবং ফিটনেসবিহীন বা লাইসেন্সবিহীন গাড়ি যেন যানজট সৃষ্টি না করে সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয় সভায়।
রিপোর্টারের নাম 
























