আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার সুসংগঠিতভাবে কাজ করছে এবং ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার দুপুরে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যেন কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে, গার্মেন্টস সেক্টর এবং সড়ক পরিবহনে ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক ও নিরবচ্ছিন্ন হয়, সে লক্ষ্যে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঈদের আগে ঈদযাত্রায় যে ধরনের সমস্যা দেখা দেয়, তা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিজিএমইএসহ শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বয় করে জনজীবনে স্বস্তি নিশ্চিত করবেন।
রিপোর্টারের নাম 
























