স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, তা আরও সুসংহত ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, নারীশিক্ষা প্রসারে বেগম খালেদা জিয়ার গৃহীত বিভিন্ন উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি লাভ করেছে। নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের নেওয়া নানা কর্মসূচি, বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে, যা আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দেশের জিডিপিতে নারীর অবদান প্রায় ১৬ শতাংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গৃহস্থালি কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। নারীর সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গৃহীত যেকোনো পরিকল্পনার সুফল পেতে হলে ঘরে ও বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























