পার্থে নারী এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাড়ছে উত্তেজনা। আগামীকাল এএফসি নারী, এশিয়ান কাপে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচে জয়ী দল পাবে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ, যা ভবিষ্যতের বড় টুর্নামেন্টে খেলার পথও খুলে দিতে পারে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার প্রতিপক্ষকে শক্তিশালী বললেও আত্মবিশ্বাস হারাননি। তার মতে, উজবেকিস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী হলেও বাংলাদেশের কারিগরি দক্ষতা ও বল নিয়ন্ত্রণের ক্ষমতা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
বাটলার বলেন, সাহসী ও নির্ভীক ফুটবল খেলতে পারলেই প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব। তার ভাষায়, খেলোয়াড়রা ভুল করতেই পারে, তবে দল যদি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে এবং নিজেদের কৌশল ধরে রাখতে পারে, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব।
গ্রুপ পর্বে দুই দলই এখনো জয় পায়নি। দুই ম্যাচে বাংলাদেশ হজম করেছে ৭ গোল, আর উজবেকিস্তান খেয়েছে ৬ গোল। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছে টিকে থাকার লড়াই।
প্রতিপক্ষের কৌশল নিয়ে বাটলার বলেন, উজবেকিস্তান রক্ষণাত্মক নাকি আক্রমণাত্মক ফুটবল খেলবে, সেটি ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারে। তবে বাংলাদেশ নিজেদের খেলার ধরনেই মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ম্যাচকে তিনি তুলনা করেছেন ‘ইঁদুর-বিড়াল’ খেলায় সঙ্গে। তার মতে, বাংলাদেশের আক্রমণাত্মক ধাঁচের ফুটবলের কারণে প্রতিপক্ষ হয়তো সতর্ক কৌশল নিতে পারে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাটলারের স্বভাবসুলভ তীর্যক মন্তব্য বা দার্শনিক বিশ্লেষণ খুব একটা শোনা যায়নি। বরং সংক্ষিপ্ত ও সাধারণ মন্তব্যেই সংবাদ সম্মেলন শেষ করেছেন এই ব্রিটিশ কোচ।
রিপোর্টারের নাম 
























