মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি আশ্বস্ত করেছেন যে, দেশের চাহিদা পূরণের জন্য অন্তত এক মাসের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। একই সাথে, পরবর্তী চালানের জ্বালানি বহনকারী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের পথে রওনা দিয়েছে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।
শনিবার কুমিল্লার স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এক পরিচিতি সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে অত্যন্ত কঠিন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এই সময়ে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধে সকলের সচেতনতা জরুরি। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন, যেগুলোর কার্যক্রম দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এই গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জামাল খন্দকার। এ সময় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























