রাজধানীর সড়কে শুক্রবার রাতে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ মোট চারজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক বাবা ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)। তারা দক্ষিণ শাহজাহানপুরের বাসিন্দা। ঈদ উপলক্ষে নিউমার্কেট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাবা-মেয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ। নিহত সাজু সেগুনবাগিচা গণপূর্ত অফিসে কর্মরত ছিলেন।
এদিকে, একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আরও দুজন প্রাণ হারিয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে ইউটার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) এবং সিএনজি চালক আলিম (৫০)। দুর্ঘটনায় সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও বৃষ্টির বোন হ্যাপি আক্তার আহত হয়েছেন। আহত তিন যাত্রীসহ চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সানি ও আলিমকে মৃত ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 






















