দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে জনমনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এর পাশাপাশি আগামী ৯ মার্চ আরও দুটি তেলবাহী ভেসেল (জাহাজ) দেশে পৌঁছাবে, যা তেলের সরবরাহ পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে। ফলে অদূর ভবিষ্যতে কোনো ধরনের তেল সংকটের আশঙ্কা নেই।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে দেশের মানুষের মধ্যেও কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, “পৃথিবীতে আজকে যে সমস্যা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তার প্রভাব স্বাভাবিকভাবেই জ্বালানি খাতে উদ্বেগ তৈরি করেছে। আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি। আগেও বলেছি, গতকালও বলেছি—তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
মন্ত্রী আরও বলেন, যুদ্ধের স্থায়িত্বকাল অনিশ্চিত হওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমিত আকারে রেশনিং চালু করেছে। তবে এই রেশনিং দেখে অনেকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা আসলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা রেশনিং করেছি মূলত অনিশ্চয়তার কারণে। কিন্তু মানুষ এই রেশনিং দেখে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। আগামী ৯ তারিখে আরো দুইটি ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নেই।”
এ সময় মন্ত্রী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশের জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিক থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















